দেশের পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে সূচক ও লেনদেনে অস্থিরতা দেখা যাচ্ছে। ব্যক্তির মূলধনি মুনাফার ওপর করারোপ করা হতে পারে এমন আশঙ্কার কারণে পুঁজিবাজারে টানা দরপতন হয়েছে। এ অবস্থায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বেশকিছু করছাড় সুবিধার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল এক্সচেঞ্জটির পক্ষ থেকে বাজেট-পূর্ব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়েছে। 

ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এক্সচেঞ্জটির পরিচালক মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, রিচার্ড ডি রোজারিও ও শরীফ আনোয়ার হোসেন। এছাড়া এ সময় এক্সচেঞ্জটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারসংক্রান্ত পাঁচটি প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন থেকে মূলধনি মুনাফার ওপর নতুন করে করারোপ না করা, তালিকাভুক্ত কোম্পানির করহার কমানো, স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছ থেকে উৎসে কর সংগ্রহের হার কমানো, উৎসে লভ্যাংশ আয়ের ওপর কর চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা, লভ্যাংশ প্রাপ্তির প্রথম ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড় এবং তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব দিয়েছে ডিএসই। পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে এসব প্রস্তাব বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে এক্সচেঞ্জটি।