পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময়ে কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ৪ জুন রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফিনিক্স ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৪ জুলাই বেলা ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৩ পয়সায়।
রূপালী ইন্স্যুরেন্স: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় অনুমোদন নিতে ৩১ জুন এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সায়।










