এতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন মো. আতিকুল ইসলাম রাব্বি। রাজধানীর একটি হোটেলে রোববার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জামাল উদ্দিন। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন মো. আতিকুল ইসলাম রাব্বি পুরস্কার হিসেবে পেয়েছেন থাইল্যান্ডের দুটি বিমান টিকিট। এছাড়া বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বে বিজয়ী ৩৫ জনকে ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকারসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘জনপ্রিয় একটি আয়োজনের সঙ্গে একই সময় তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্টের লক্ষ্য।’ এ উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে পরিকল্পনা, শৃঙ্খলা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকরা জানান, এবারের কিকস্টার্ট ৩.০-তে সারা দেশ থেকে প্রায় তিন লাখ ফুটবলপ্রেমী অংশ নেন। ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরও এতে সম্পৃক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খেলার মাধ্যমে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণা সহজ ও আকর্ষণীয় করে তোলাই ছিল এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে দল গঠন, খেলোয়াড় নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মাধ্যমে বাস্তব জীবনেও বাজেট প্রণয়ন, আর্থিক পরিকল্পনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের চর্চার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের গ্রুপ সিএফও মাসুদ করিম মজুমদার, হেড অব অপারেশনস ইন্দ্রজিৎ মল্লিক, হেড অব ট্রেজারি নুরুল করিম পাটোয়ারী, চিফ টেকনোলজি অফিসার মো. নুরুল আলম জুয়েলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।