দেশে নগদবিহীন লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী কারা ট্রেইনিং একাডেমি অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশ নেন।
সেমিনারে আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে বিশেষ করে বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এতে নগদ থেকে ডিজিটালে লেনদেন ইকোসিস্টেম গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান, পরিচালক মো. শরাফত উল্লাহ খান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা। এছাড়া ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা সাব্বির হোসেনও উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের নানা দিক নিয়ে সেশন পরিচালিত হয়। গ্রাহকের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার, ক্যাম্পেইন ও রোড-শোও অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকদের দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
—বিজ্ঞপ্তি










