সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘হজযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার।’

সভায় মো. মনজুর মফিজ প্রিমিয়ার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি হজযাত্রীদের জন্য ব্যাংকের প্রিমিয়ার হজ কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও আইবিএএন সুবিধাসহ বিভিন্ন আধুনিক আর্থিক সেবা নিয়ে আলোচনা করেন তিনি।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজসংক্রান্ত সেবায় প্রিমিয়ার ব্যাংকের অবদান ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে হজযাত্রীদের জন্য আর্থিক সেবা আরো সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।