নির্ধারিত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড ও ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের। এ সময় বন্ডগুলোর ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটসংক্রান্ত কারণে বুধবার ইউনিট লেনদেন বন্ধ থাকবে বন্ড দুটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়ার ব্যাংক বন্ড: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পর্ষদে তাদের পারপেচুয়াল বন্ডের (পিআরইবিপি বন্ড) ইউনিটহোল্ডারদের জন্য চলতি বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিকের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পর্ষদ।
এর আগে ইউনিটহোল্ডারদের জন্য ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে ২৬ জুন ২০২৪ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে বন্ডটি। গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বরের বিপরীতে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি।
ব্যাংক এশিয়া ফার্স্ট বন্ড: ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বুধবার।
চলতি বছর ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৬৮ হাজার ৫০। গত এক বছরে বন্ডটির ইউনিটদর ৪ হাজার ৬৫০ থেকে ৫ হাজার টাকা ছিল।










