দেশের ১০০ নারী উদ্যোক্তাকে নিয়ে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে পণ্য উন্নয়ন, বিপণন কৌশল ও ডিজিটাল ব্র্যান্ডিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

‘ডিজিটাল উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন’ শিরোনামের কর্মশালাটি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় ও গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেয়া নারী উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন, প্রতিযোগিতা মূল্যায়ন, বিপণন প্রক্রিয়ার স্বয়ংক্রিয়তা, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর উপস্থিতি বিষয়ক নানা দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, প্রোগ্রাম কর্মকর্তা মোশারফ হোসেন টিপু, অপজো টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা শাহ পরান, ভারচুয়ানিক সল্যুশনসের প্রতিষ্ঠাতা আসাদ ইকবাল, কাজ৩৬০ এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম এবং মার্কোপলো এআইয়ের এমটিও নুজহাত ফারহানা।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগ নিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ডিজিটাল অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে দেশের নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরও দ্রুত গতিতে এগোতে হবে। এই কর্মশালার মাধ্যমে আমরা তাদের প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার চেষ্টা করেছি, যাতে তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণে সক্ষম হয়।

—বিজ্ঞপ্তি