পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মো. মোক্তার আহমদ। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও শিক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক এম. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা মুসলিম উম্মাহ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










