এর মাধ্যমে ইউআইইউয়ের সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস (সিএআইআর) দ্বারা পরিচালিত দলটি এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে। বিজয়ী দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার জন্য গতকাল ইউআইইউ ক্যাম্পাসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রকৌশলী মো. আব্দুল মোকাদ্দেম, ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও ইমেরিটাস অধ্যাপক ড. এম রিজওয়ান খান; স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার; রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান এবং ইউআইইউ মার্স রোভার টিমের মেন্টর ও ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ইউআইইউ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অফিসের পরিচালক আবু সাদাত।
বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে ইউআইইউ মার্স রোভার টিম মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় মোট ৪০৪ দশমিক ৪৪ পয়েন্ট পেয়ে বিশ্বের শীর্ষ রোভার দলগুলোর মধ্যে তৃতীয় এবং এশীয় দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। এছাড়া প্রতিযোগিতার পোডিয়ামে স্থান পাওয়ার পাশাপাশি দলটি ‘বেস্ট অটোনমাস সিস্টেম’ স্বীকৃতি লাভ করেছে। চূড়ান্ত ফলাফলে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এস অ্যান্ড টি মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার ৪১২ দশমিক ৪১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।










