সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রমে সমন্বয় জোরদারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (নিবন্ধন) আইয়ুব খান। সভাপতিত্ব করেন এডাব ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী বেবী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন অফিসার নাসির, চট্টগ্রামের প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, দিশা কুষ্টিয়ার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম এবং এডাব কার্যনির্বাহী পরিষদের সদস্য সৈয়দা শামীমা সুলতানা। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব পরিচালক এ কে এম জসীম উদ্দিন।

সভায় প্রায় ৬০টি সংস্থার প্রতিনিধি অংশ নেন। আলোচনায় বক্তারা এনজিওগুলোকে সমাজসেবা অধিদপ্তরের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করেন ও বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে সুপারিশ দেন। তাদের সুপারিশের মধ্যে ছিল এনজিওর সঠিক সংজ্ঞা নির্ধারণ, একক নিবন্ধনকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, নিবন্ধন প্রক্রিয়া ও কমিটি অনুমোদনে হয়রানি কমানো, কর্মক্ষেত্র সম্প্রসারণ সহজ করা এবং বিধি বা নীতিমালা প্রণয়নে এডাবসহ অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার ব্যবস্থা রাখা।

এছাড়া নিরাপত্তাজনিত যাচাইয়ে এসবি, এনএসআই, ডিজিএফআইয়ের পরিবর্তে প্রয়োজনে জেলা প্রশাসনের মতামত নেয়া, ডিজিটাল সেবা চালু করা এবং এমআরএ কর্তৃক নির্বাহী পরিচালকের চাকরির বয়সসীমা, কমিটির মেয়াদ ও স্বতন্ত্র সদস্য নিয়োগের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মত দেন অংশগ্রহণকারীরা।

প্রধান অতিথি আইয়ুব খান বলেন, উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের ক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক ও এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকের কাছে ব্যাংক নয়, বরং এনজিও সঠিক সময়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।

তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর সব এনজিওকে একই ছাতার নিচে আনার চেষ্টা করছে এবং সব কার্যক্রম অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে। নির্বাহী পরিচালকের চাকরির বয়সসীমা বা কমিটির মেয়াদ নির্ধারণ এমআরএ এর আওতাভুক্ত। তবে সমাজসেবা অধিদপ্তর অন্য নিবন্ধনকারী কর্তৃপক্ষের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে পাঠাতে পারবে।

—বিজ্ঞপ্তি