রাজধানী ঢাকায় উত্তরার সেন্টার পয়েন্টে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিনোকুনিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিরোয়োশি কাগেয়ামা, আইপিসিও ডেভেলপমেন্টস (বাংলাদেশ) লিমিটেড ও আইপিসিও হোটেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জায়েদ আহসান, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ।
উদ্বোধনের আগে কিনোকুনিয়া ‘দ্য প্রিলিউড’ শিরোনামে একটি সীমিত ও প্রাথমিক প্রদর্শনীর আয়োজন করে, যেখানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষাঙ্গন ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে অতিথিরা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বইয়ের চমৎকার সংগ্রহ এবং বাংলাদেশে একটি প্রাণবন্ত পঠন সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি সম্পর্কে জানার সুযোগ পান।
এ বিষয়ে কিনোকুনিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিরোয়োশি কাগেয়ামা বলেন, ‘বাংলাদেশে কিনোকুনিয়ার এ আগমন দেশের ক্রমবর্ধমান পঠন সংস্কৃতি, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি আমাদের আস্থারই প্রতিফলন। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে মানুষ নতুন নতুন আইডিয়া খুঁজে পাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবে এবং বইয়ের মাধ্যমে একে অন্যের সঙ্গে সংযুক্ত হতে পারবে।’
উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত ‘কিনোকুনিয়া বাংলাদেশ’-এ সাহিত্য, শিল্পকলা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, লাইফস্টাইল, শিশুদের বই এবং শিক্ষাসামগ্রীসহ আন্তর্জাতিক ও স্থানীয় বইয়ের এক চমৎকার সংগ্রহ রয়েছে। শুধু একটি সাধারণ পুস্তক বিপণি হিসেবে নয়, বরং এ স্থানটিকে এমনভাবে সাজানো হয়েছে যা পাঠকদের বৈশ্বিক চিন্তা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে অনুপ্রাণিত করবে।










