বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিইউএফটির মাল্টিপারপাস হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তার নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন।
তারা বলেন, রাকিব ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শিক্ষা, তৈরি পোশাক খাত এবং সামাজিক কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। আয়োজনে মানপত্র ও স্মৃতি-সংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়, যা ছিল তার প্রতি শ্রদ্ধার প্রতীক। এ সময় উপস্থিত অতিথিরা মন্তব্য খাতায় আবেগমিশ্রিত স্মৃতি ও শুভেচ্ছা বার্তা লেখেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষাংশে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ। —বিজ্ঞপ্তি










