২০২৩ সালে জাপানের করপোরেট প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বাইআউট (এমবিও) সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে। ওই সময়ে দেশটির এ খাতে লেনদেনের পরিমাণ ছিল ৯৭০ কোটি ডলার বা ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন ইয়েন। খবর নিক্কেই এশিয়া।
যখন ব্যবস্থাপক কিংবা নির্বাহীরা নিজেদের কোম্পানির বেশির ভাগ শেয়ার কিনে নেন সে প্রক্রিয়াকে এমবিও বলা হয়। জাপানের বড় কোম্পানিগুলোয় এখন এ প্রবণতা বাড়ছে। কারণ হিসেবে পুঁজিবাজার পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে জাপানি কোম্পানিগুলোর ওপর বিনিয়োগকারীদের চাপ অব্যাহতভাবে বাড়ছে। ফলে দেশটির একের পর এক বড় কোম্পানি পাবলিক লিমিটেড থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হচ্ছে।
টোকিওভিত্তিক একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক গবেষণা সংস্থা রেকোফ ডেটার তথ্যানুসারে, ২০২৩ অর্থবছরে এমবিওর পরিমাণ ছিল ১৮টি, যা আগের বছরের তুলনায় ছয়টি বেশি এবং ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
চলতি অর্থবছরেও এমবিওর পরিমাণ ২০২৩ সালকে অনুসরণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে সুমিতোমো মিৎসুই ডিএস অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার হিদেহিরো ফুজিওয়ারা বলেন, ‘যাদের স্টকের দাম কম মূল্যায়ন করা হয়েছে, সেসব কোম্পানির এমবিওসহ অধিগ্রহণ প্রস্তাব বাড়তে দেখছি।’
বিশ্লেষকরা বলছেন, এমবিও প্রক্রিয়ায় মালিকদের কাছ থেকে কোম্পানির শেয়ারের একটি অংশ অধিগ্রহণ করেন ব্যবস্থাপকরা, বেশির ভাগ ক্ষেত্রে সংস্কার করে কোম্পানিকে পাবলিক থেকে প্রাইভেটে লিমিটেডে নিয়ে যাওয়া হয়। এর একটি সুবিধা হলো প্রক্রিয়াটি কোম্পানিগুলোকে স্বল্পমেয়াদি কর্মক্ষমতা বা স্টকের দাম সম্পর্কে চিন্তা না করে একটি মধ্য থেকে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার দিকে নিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে তাইশো ফার্মাসিউটিক্যালস হোল্ডিংসের স্টোরভিত্তিক ওষুধ বিক্রি কমেছে। কোম্পানিটি এমবিও প্রক্রিয়ার মাধ্যমে অনলাইন বিক্রি ও করপোরেট অধিগ্রহণের মাধ্যমে কৌশল পরিবর্তন করছে। কোম্পানিটি বলছে, ‘আমরা স্বল্পমেয়াদি স্টক মার্কেট মূল্যায়নে আবদ্ধ না হয়ে সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছি।’
২০২৩ অর্থবছরে যে ১৮টি কোম্পানি এমবিও ঘোষণা করেছে, এর মধ্যে আটটির প্রাইস-টু-বুক অনুপাত ১-এর নিচে ছিল। এছাড়া পাঁচটির অনুপাত ছিল দশমিক ৩ থেকে দশমিক ৫-এর মধ্যে।
এলএসইজির তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের তুলনায় জাপানে এমবিও বেশি দেখা যায়। মার্কিন বাজারে প্রতি বছর মাত্র কয়েকটি এমবিও ঘটে। সেখানে যদি কোনো কোম্পানি আর্থিক সমস্যায় পড়ে, তবে সাধারণত অন্য কোম্পানির মাধ্যমে তা অধিগ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে।










