বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা সুলতানার স্বপ্ন ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ এ অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯০৫ সালে লেখা এই বইটির প্রাসঙ্গিকতা এবং নারীর সমতা, শান্তি ও অগ্রগতির ভাবনা নিয়ে এতে আলোচনা হয়। বইটিতে নারীশাসিত এক আদর্শ সমাজ ‘নারীল্যান্ড’ এর স্বপ্ন তুলে ধরা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফৌজিয়া মান্নানও বক্তব্য দেন।
বক্তারা আক্ষেপ করে বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরেও আমাদের সমাজে নারীরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের স্বল্প অংশগ্রহণ নারীদের এখনো প্রান্তিক করে রেখেছে।
রোকেয়ার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, এসব বৈষম্য দূর করতে নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে। এই ক্ষেত্রে জ্ঞান অর্জন করলে নারীরা নেতৃত্বের আসনে পৌঁছাতে পারবে ও উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।
—বিজ্ঞপ্তি










