বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিপিএ রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ত্রিপল এ’। কোম্পানিটির ৩২ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৪ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা বেড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এককভাবে ১ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। 

১৯৯০ সালে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। এর মধ্যে ৪৮ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২০ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।