বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় ধাপে ভারত থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ৩ হাজার ৮০০ টন মসুরের ডাল দেশে প্রবেশ করেছে। ৩ জানুয়ারি রাতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে এসব মসুর ডাল।
ডাল খালাস করতে কাস্টম হাউজে প্রয়োজনীয় কাগজ দাখিল করেছে কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সিঅ্যান্ডএফ এজেন্ট।
কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করতে সরকার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মসুরের ডাল আমদানি করছে। এতে প্রতি কেজি ডাল আমদানি খরচ পড়ছে ১২৫ টাকা। তবে সরকার ৫৫ টাকা ভর্তুকি দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি কেজি ডাল মাত্র ৭০ টাকায় বিক্রি করবে।
সিঅ্যান্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার দ্বিতীয় ধাপে আবারো চার হাজার টন মসুর ডাল আমদানি করেছে। এর মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে ৩ হাজার ৮০০ টন মসুর ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ২০০ টন পরে আসবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘বন্দর থেকে দ্রুত এসব মসুর ডাল খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’










