চীন থেকে ভর্তুকিযুক্ত গাড়ি আমদানির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ বাধা এড়াতে কৌশলী অবস্থান নিচ্ছে ভলভো। চীন থেকে তৈরি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) কারখানা বেলজিয়ামে স্থানান্তর করবে কোম্পানিটি। খবর রয়টার্স।

ভলভোর সিংহভাগ মালিকানা চীনা কোম্পানি গিলির। শুল্ক বাধার আশঙ্কার কারণে ইউরোপের বাজারের জন্য নতুনভাবে চিন্তা করছে কোম্পানিটি। যুক্তরাজ্যের সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত বাজার ধরে রাখতে ইইউর জন্য স্থানীয়ভাবে ইভি উৎপাদনের কথা ভাবা হচ্ছে।

সেখানে বলা হয়েছে, ভলভোর ইএক্স৩০ ও ইএক্স৯০ মডেলের ইভি উৎপাদন চীন থেকে বেলজিয়ামে স্থানান্তর করবে কোম্পানিটি। এছাড়া যুক্তরাজ্যের জন্য নির্দিষ্ট ভলভো মডেলের উৎপাদনও বেলজিয়ামে স্থানান্তরিত হতে পারে। অবশ্য বিষয়টি নিয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি ভলভো।

২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন গত বছর চীনা গাড়ি নিয়ে তদন্ত শুরু করেছিল। যেখানে দেশটিতে তৈরি অল-ইলেকট্রিক গাড়ির ওপর সরকারি প্রণোদনাকে তদন্তের আওতায় আনা হয়। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কমিশন অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে তদন্ত শুরুর নয় মাসের মাথায় কমিশন অস্থায়ী ভর্তুকিবিরোধী শুল্কারোপ করতে যাচ্ছে।

ইউক্রেনে রুশ আক্রমণের পর মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কসহ বিভিন্ন কারণে চীন ও ইইউর মধ্যে টানাপড়েন শুরু হয়। শুধু গাড়ি নয়, অন্যান্য খাতেও ইইউ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে অঞ্চলটি নতুন পদক্ষেপের কথা বিবেচনা করছে। এ ধরনের অবকাঠামোর জন্য প্রয়োজনীয় উপকরণ ও পণ্যের বৃহত্তম সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত চীন। কিন্তু ইইউ এখন নতুন ও স্থানীয় উৎসের সন্ধান করছে।