মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে সংবাদপত্রটিতে প্রকাশিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ হুমকি দেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

সংবাদপত্রটি সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, ট্রাম্প নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিনে যেসব শুভেচ্ছাবার্তা এসেছিল, ট্রাম্পের স্বাক্ষর করা এই চিঠিটি তার মধ্যেই একটি ছিল। যদিও তারা চিঠির কোনো ছবি প্রকাশ করেনি, তবে এর বিষয়বস্তু নিয়ে বিতর্ক তুঙ্গে।

তবে ট্রাম্প এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, চিঠিটি ‘সম্পূর্ণ ভুয়া’ ও ‘মানহানিকর’। তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং তিনি নিজেও ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদককে সরাসরি জানিয়েছেন যে চিঠিটি ভিত্তিহীন।

ট্রাম্প আরও বলেন, তিনি খুব শিগগির ওয়াল স্ট্রিট জার্নাল’র মালিকানা প্রতিষ্ঠান নিউজকর্প ও ধনকুবের রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা করবেন। ট্রাম্প সংবাদমাধ্যমটিকে সতর্ক করে বলেছেন, তাদের এখন সত্য বলা শিখতে হবে এবং এমন উৎসের ওপর ভরসা করা উচিত নয়, যেগুলোর আদৌ অস্তিত্ব আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

জেফরি এপস্টেইন ২০১৯ সালে যৌন নিপীড়নের অভিযোগে বিচার চলাকালে নিউইয়র্কের একটি জেলে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরবরাহ করার অভিযোগ ছিল।