চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবিসি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জিমি কিমেলের জনপ্রিয় লেট-নাইট শো। বেশ কিছু এবিসি অধিভুক্ত স্টেশন অনুষ্ঠানটি সম্প্রচার করবে না বলে জানানোর পরই এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর বিবিসি।

কমেডিয়ান জিমি কিমেল, তার 'জিমি কিমেল লাইভ!' নামক অনুষ্ঠানে সোমবার ও মঙ্গলবার রাতে চার্লি কার্কের হত্যা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তিনি বলেন, 'মাগা (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) গ্যাংয়ের অনেকেই চার্লি কার্কের হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে।' এই মন্তব্যের পরই শো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

২০০৩ সাল থেকে কিমেলের লেট-নাইট শোটি সম্প্রচার করে আসছে এবিসি। তবে নেক্সটার কমিউনিকেশনস গ্রুপ বুধবার থেকে শোটি বন্ধ করে দেয়ার কথা ঘোষণা করার পরপরই এবিসি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। নেক্সটারের সম্প্রচার বিভাগের প্রেসিডেন্ট অ্যান্ড্রু অ্যালফোর্ড বলেন, 'জাতীয় রাজনৈতিক আলোচনার এই সংকটময় মুহূর্তে কিমেলের মন্তব্যগুলো আপত্তিকর এবং অসংবেদনশীল।' নেক্সটার ২৩টি এবিসি অধিভুক্ত স্টেশন পরিচালনা করে।

kimmel

হলিউডে জিমি কিমেল লাইভ স্টুডিও। ছবি- এপি

কিমেলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ২০২৬ সালের মে মাসে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এবিসি তাদের বিবৃতিতে শোটি বন্ধ করার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, 'যা করা উচিত ছিল, শেষ পর্যন্ত তা করার সাহস দেখানোর জন্য এবিসি-কে অভিনন্দন।'

সোমবারের অনুষ্ঠানে কিমেল বলেন, 'মাগাল্যান্ডের গ্যাংটি মরিয়া হয়ে চেষ্টা করছে সেই ছেলেটিকে অন্য কেউ হিসেবে চিহ্নিত করার, যে চার্লি কার্ককে খুন করেছে। তারা এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য সবকিছু করছে।'

তিনি চার্লি কার্কের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও সমালোচনা করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শোক প্রকাশের ধরন নিয়েও ব্যঙ্গ করেন। কিমেল বলেন, 'এইভাবে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার বন্ধুকে খুন হতে দেখলে শোক প্রকাশ করে না। কোনো চার বছরের শিশু তার গোল্ডফিশ মারা গেলে এইভাবে শোক করে।' তিনি প্রায়শই তার অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে বিদ্রুপ করতেন।