পেন্টাগনে গতকাল কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ করান মার্কিন স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস, জেনারেল শন ব্রাটন।
ইউএস ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের সদস্য ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিকী সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া পোস্টে এ খবর দেন।
বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান মার্কিন সামরিক বাহিনীতে এই উচ্চ পদে পৌঁছানো প্রথম ও একমাত্র বাংলাদেশী-মার্কিন।
পদোন্নতির পর ব্রিগেডিয়ার জেনারেল খান পেন্টাগনের গোল্ডেন ডোম অব আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে তিনি গোল্ডেন ডোম অব আমেরিকার সকল নীতি, পরিকল্পনা, অবস্থান এবং বহুবিধ কার্যকরী বিষয় সমন্বয় করবেন।










