সম্প্রতি বেশ কিছু তথ্য ফাঁসের ঘটনায় সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পেন্টাগন। নতুন বিধিনিষেধ অনুযায়ী, সাংবাদিকরা অনুমোদন ছাড়া তথ্য প্রকাশ করলে তাদের পেন্টাগনে প্রবেশাধিকার বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংবেদনশীল তথ্যের নিয়ন্ত্রণ আরো কড়াকড়ি করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বিবিসি।

সম্প্রতি সাংবাদিকদের পাঠানো এক প্রেসনোটে নতুন নিয়মাবলী তুলে ধরেছে ডিপার্টমেন্ট অব ওয়ার (ডিওডব্লিউ)। নিয়ম অনুযায়ী, সংবাদকর্মীদের এখন একটি চুক্তিতে সই করতে হবে, যেখানে বলা আছে অনুমতি ছাড়া যেকোনো তথ্য প্রকাশ করলে তাদের প্রেস কার্ড বাতিল হতে পারে। ডিওডব্লিউ আরো জানিয়েছে, কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন নেয়া বাধ্যতামূলক। নতুন এসব নিয়ম সাংবাদিকদের পেন্টাগনে চলাচল সীমিত করছে। তারা এখন কেবল অনুমোদিত এলাকায় প্রবেশ করতে পারবে এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে হবে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নতুন পদক্ষেপকে যথাযথ ও প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এ নির্দেশনা দেশের অন্য সামরিক ঘাঁটির নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতীয় নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিশ্চিতে সহায়ক হবে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি রিপোর্ট সরকারি বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক তথ্য প্রকাশ করায় পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা নিয়ে প্রতিবেদনের তথ্য ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে প্রশাসন।

বিশ্লেষকদের মতে, এ নতুন বিধিনিষেধ সাংবাদিকদের পেন্টাগনে প্রবেশ ও তথ্য সংগ্রহের পদ্ধতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। ডিওডব্লিউ জানিয়েছে, তারা এখনো স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন অগ্রাধিকার।