যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরের ওপর দিয়ে একটি দানবীয় ধুলোঝড় বয়ে গেছে। এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সে সঙ্গে, শহরের বিমানবন্দরে বিমান চলাচলও বিলম্বিত হয়েছে। খবর এপি।
পাওয়ার আউটেজ ডটইউএস-এর তথ্য অনুযায়ী, অ্যারিজোনায় ৫৫,০০০-এরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন, যাদের অধিকাংশই ফিনিক্স শহর অন্তর্ভুক্ত মারিকোপা কাউন্টির বাসিন্দা।

ছবি-এপি
ধুলোঝড় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে মোটরচালকরা দ্রুত বাড়ি ফিরতে শুরু করেন। স্থানীয়ভাবে ‘হাবুব’ নামে পরিচিত এই ধুলোঝড়ে রাস্তায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ‘আপনার কখনোই ধুলোঝড়ের মধ্যে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু যদি আপনি রাস্তায় থাকাকালীন এর কবলে পড়েন, তাহলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে নিরাপদে থাকুন!’

ছবি-এপি
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রবল বজ্রঝড়ের কারণে ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো গড়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয়েছে।










