২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার রায় বাতিলের জন্য ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে আবেদন করেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা । সেই দুর্ঘটনায় এক পথচারী নিহত হন এবং আরেকজন গুরুতরভাবে আহত হন। খবর বিবিসি
সাম্প্রতিক জুরির রায়ে এ ঘটনায় টেসলাকে আংশিকভাবে দায়ী করা হয় এবং ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠানটিকে ২৪ কোটি ৩০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেয়া হয়। বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেন, টেসলার অটোপাইলট সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এবং প্রতিষ্ঠানটি এর সক্ষমতা নিয়ে ভোক্তাদের ভুল ধারণা দিয়েছে।
তবে টেসলা বলছে, দুর্ঘটনার জন্য দায়ী চালক জর্জ ম্যাকগি। গতকাল শুক্রবার দাখিল করা আবেদনে রায় বাতিল বা নতুন করে বিচার শুরু করার অনুরোধ জানায় কোম্পানিটি। তাদের ভাষ্য, ’২৪ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। গাড়ি নির্মাতারা বেপরোয়া চালকদের কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় নিতে পারে না।’
ঘটনাটি ঘটে ২০১৯ সালে। সেদিন মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে গাড়ির চালক ম্যাকগি মনোযোগ হারান এবং টেসলার মডেল এস গাড়িটি রাস্তায় দাঁড়ানো একটি এসইউভিকে ধাক্কা এবং পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই ২২ বছর বয়সী নাইবেল বেনাভিদেস লিওন নিহত হন। তার বন্ধু ডিলন অ্যাঙ্গুলো গুরুতর আহত হন।
বিচারে বাদীপক্ষের দাবি ছিল, অটোপাইলট চালককে সতর্ক করেনি বা স্বয়ংক্রিয়ভাবে ব্রেকও কষেনি। তারা ইলোন মাস্কের দেয়া কিছু বক্তব্যও তুলে ধরে, যা ভোক্তাদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেন। অন্যদিকে টেসলার পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাদীপক্ষ জুরিদের সামনে অপ্রাসঙ্গিক ও পক্ষপাতমূলক তথ্য উপস্থাপন করেছে।
জুরি মোট ৩২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ ধার্য করে। এর মধ্যে ১২ কোটি ৯০ লাখ ডলার ছিল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ২ হাজার কোটি ডলার শাস্তিমূলক জরিমানা। তবে টেসলার আইনজীবীদের দাবি, জরিমানা দিতে হলে গুরুতর অবহেলার প্রমাণ থাকতে হয়, যা এ মামলায় দেখানো হয়নি।
এটি ছিল অটোপাইলট প্রযুক্তি সংশ্লিষ্ট কোনো প্রাণঘাতী দুর্ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল জুরির বিচার। এর আগে ২০১৮ সালের এক ঘটনায় করা মামলা মীমাংসা এবং ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার আরেক মামলায় দায়মুক্তি পায় টেসলা।
বাদীপক্ষের আইনজীবী ব্রেট শ্রেইবার বলেন, আদালতে দেয়া আবেদন টেসলা ও মাস্কের ‘মানবিক ক্ষতির প্রতি উদাসীনতারই আরেকটি উদাহরণ।’ তিনি আশা প্রকাশ করেন, আদালত আগের রায় বহাল রাখবেন।










