উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউংয়ের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। খবর আল জাজিরা।
এ সময় ট্রাম্প বলেন, তিনি এ বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। এর আগে উত্তর কোরিয়ার এই নেতার সঙ্গে তিনবার বৈঠক করেছেন তিনি। প্রথমবার বৈঠক হয় সিঙ্গাপুরে, এরপর হ্যানয়ে ও সর্বশেষ দুই কোরিয়ার সীমান্তবর্তী এলাকায়।
ট্রাম্প বলেন, আমি কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাই, আশা করি শিগগিরই এমন একটি সুযোগ হবে।
ট্রাম্প আরো বলেন, কিম সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং কিমকে তিনি ঘনিষ্ঠভাবে চেনেন।










