যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি লাউঞ্জে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি গ্যাং সহিংসতার ঘটনা। খবর দ্য গার্ডিয়ান।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি’ লাউঞ্জ ও রেস্তোরাঁয় এ হামলা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর।
নিউইয়র্কের স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন জামেল আন্দ্রে চাইল্ডস (৩৫) মারামারি থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, এ ঘটনায় মোট ১১ জন ভুক্তভোগী আছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। ভুক্তভোগীদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। আহত আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তবে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
টিশ আরো বলেন, অন্তত চারজন বন্দুকধারী লাউঞ্জের ভেতরে ডজনখানেক গুলি চালায়। ঘটনাস্থল থেকে ৯ মিলিমিটার ও .৪৫ ক্যালিবার অস্ত্রের ৪২টি খোসা উদ্ধার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে সেটি এ ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, শহরে অপরাধের হার কমেছে। এরই মধ্যে দুই হাজারের বেশি অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে।
ঘটনার সময় প্রায় তিন বছর আগে চালু হওয়া লাউঞ্জটিতে নিয়মিত আমেরিকান ও ক্যারিবীয় খাবার পরিবেশন করা হচ্ছিল। একই জায়গায় ২০২৪ সালের নভেম্বরে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটেছিল। যদিও তখন কেউ নিহত হননি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ২৭০টিরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত একটি হামলা ঘটছে। দেশটিতে দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও কংগ্রেস এ বিষয়ে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।










