নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি মেডিকেল সেন্টারে এমআরআই মেশিন টেনে নেয়ায় ৬১ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার গলায় ছিল ভারী ধাতব চেইন। উল্লেখ্য, এমআরআই মেশিনে শক্তিশালী চৌম্বকক্ষেত্র ক্রিয়াশীল থাকে। খবর বিবিসি।
নাসাউ কাউন্টি পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বুধবার নাসাউ ওপেন এমআরআই নামক প্রতিষ্ঠানে এমআরআই মেশিনের কক্ষে অনুমতি ছাড়াই প্রবেশ করেন। সেখানে মেশিনটি চলমান ছিল। সেই ব্যক্তি গলায় প্রায় ২০ পাউন্ড (৯ কেজি) ওজনের একটি চেইন পরে ছিলেন, যা তাকে জোর করে মেশিনের দিকে টেনে নেয়। পরে হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাড্রিয়েন জোন্স-ম্যাকঅ্যালিস্টার জানান, নিহত ব্যক্তি ছিলেন তার স্বামী, কিথ। তিনি বলেন, নিজের হাঁটুর এমআরআই শেষ হওয়ার পর তিনি স্বামীকে সাহায্যের জন্য ডাকেন। সেই সময়ই এ দুর্ঘটনা ঘটে।
‘সে আমাকে বিদায় জানাল, এরপর তার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল,’ কান্নাজড়িত কণ্ঠে বলেন ম্যাকঅ্যালিস্টার। তিনি আরো জানান, এক মুহূর্তেই মেশিন কিথকে ঘুরিয়ে নিয়ে গেল, টেনে নিল ভেতরে এবং সে সরাসরি এমআরআই মেশিনে ধাক্কা খেল।
তার দাবি, এক পর্যায়ে টেকনিশিয়ান কিথকে টেনে বের করার চেষ্টা করেন এবং বারবার অনুরোধ করছিলেন যেন মেশিনটি বন্ধ করা হয়।
এই দুর্ঘটনার তদন্ত করছে নাসাউ কাউন্টি পুলিশ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এমআরআই মেশিনের শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র যেকোনো ধাতব বস্তুকে আকর্ষণ করতে পারে – চাবি, মোবাইল ফোন থেকে শুরু করে অক্সিজেন ট্যাঙ্ক পর্যন্ত।
এর আগে ২০০১ সালে নিউইয়র্ক সিটির একটি মেডিকেল সেন্টারে এমআরআই চলাকালে চুম্বকীয় আকর্ষণে অক্সিজেন ট্যাঙ্ক ছুটে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুর মাথায় আঘাত লাগে এবং তার মৃত্যু হয়।










