মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। কুকের আইনজীবী, ওয়াশিংটনের খ্যাতনামা অ্যাটর্নি অ্যাবে লোওয়েল জানিয়েছেন, কুককে বরখাস্ত করার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে। খবর রয়টার্স।
‘শুধুমাত্র একটি রেফারেল চিঠির ভিত্তিতে তাকে সরানোর চেষ্টা করা আইনি ও বাস্তবিক ভিত্তিহীন। আমরা এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে মামলা করব,’ বলেন লোওয়েল।
ট্রাম্প সোমবার কুককে বরখাস্তের ঘোষণা দেন। তার অভিযোগ, কুক ২০২১ সালে নেয়া মর্টগেজের ক্ষেত্রে প্রতারণা এবং সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন।
ফেডের ১১১ বছরের ইতিহাসে কখনও কোনো গভর্নরকে প্রেসিডেন্ট সরানোর চেষ্টা করেননি। ফেড সাধারণত স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে, যাতে আর্থিক নীতি রাজনৈতিক চাপমুক্ত থাকে। কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন—তিনি প্রশাসনিক কাঠামোকে সরাসরি নিয়ন্ত্রণে আনতে চাইছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের ১০০% সৎ মানুষ দরকার, আর মনে হয় তিনি ছিলেন না।‘ ট্রাম্প আরো জানান, তার কাছে কয়েকজন সম্ভাব্য উত্তরসূরি রয়েছেন এবং প্রয়োজনে আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন।
ট্রাম্প এর আগে থেকেই ফেডকে সুদের হার দ্রুত কমাতে চাপ দিচ্ছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরও বেশি প্রভাব বিস্তার করতে চাইছেন। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বরখাস্তের হুমকি দিয়েছিলেন তিনি, যদিও পরে সেখান থেকে সরে আসেন।
কুকের পদ খালি হলে ট্রাম্প সাত সদস্যের বোর্ডে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন। তিনি ইতোমধ্যেই হোয়াইট হাউসের অর্থনীতিবিদ স্টিফেন মিরানকে মনোনয়ন দিয়েছেন। এছাড়া সাবেক বিশ্বব্যাংক সভাপতি এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ম্যালপাসের নামও আলোচনায় এসেছে।
ফেড মঙ্গলবার জানায়, গভর্নররা ১৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের সরানো সহজ নয়। ‘আমেরিকান জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায়’ তাদের স্বাধীনতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে সংস্থাটি।
ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ফেডের মতে কুক এখনো দায়িত্বে আছেন। ১৬–১৭ সেপ্টেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে তিনি অংশ নিতে পারবেন, যদি না এর আগে আদালতের কোনো রায় ভিন্ন নির্দেশ দেয়।
ট্রাম্পের এই পদক্ষেপ ডলার ও মার্কিন সরকারি বন্ডে আস্থার সংকট তৈরি করেছে। মঙ্গলবার শেয়ারবাজার সামান্য উর্ধ্বমুখী থাকলেও ডলার দুর্বল এবং ট্রেজারি বন্ডের ইয়িল্ড কার্ভ আরো খাড়া হয়।
অভিযোগের কেন্দ্রে কুকের ২০২১ সালের দুটি মর্টগেজ। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি মিশিগান ও জর্জিয়ার দুটি সম্পত্তিকেই প্রাথমিক বাসস্থান হিসেবে দেখিয়েছিলেন। বিষয়টি প্রথম উত্থাপন করেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে। তিনি বিষয়টি অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডির কাছে পাঠিয়েছেন।
তবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়াটন স্কুলের ফেড বিশেষজ্ঞ পিটার কন্টি-ব্রাউন বলেন, ‘যে ঘটনাগুলো নিয়োগের আগে ঘটেছে এবং সিনেট যাচাই-বাছাইয়ের সময় প্রকাশ্যে ছিল, তা হঠাৎ করে বরখাস্তযোগ্য অপরাধ হিসেবে দেখানো সংগত নয়।‘
বিশেষজ্ঞদের মতে, যে সব দেশ রাজনৈতিক হস্তক্ষেপ থেকে কেন্দ্রীয় ব্যাংককে মুক্ত রাখে, তাদের অর্থনৈতিক ফলাফল সাধারণত ভালো হয়। এসজিএইচ ম্যাক্রো অ্যাডভাইজরসের প্রধান অর্থনীতিবিদ টিম ডুই বলেন, ‘প্রথম ট্রাম্প প্রশাসনে ফেড অক্ষত ছিল। এবার সে ভাগ্য হবে না।










