যুক্তরাষ্ট্র থেকে শত শত বিপন্ন প্রজাতির কচ্ছপ পাচারের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছেন এক চীনা নাগরিক। মোজায় মুড়িয়ে খেলনা হিসেবে কচ্ছপগুলো পাচার করছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এ অভিযোগে ওই ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েই কিয়াং লিন নামের ওই ব্যক্তি ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে প্রায় ৮৫০টি সংরক্ষিত কচ্ছপ হংকংয়ে পাঠানোর জন্য ২০০টিরও বেশি প্যাকেজ ব্যবহার করেন। কর্তৃপক্ষের নজর এড়াতে তিনি প্যাকেজগুলোতে ‘প্লাস্টিকের খেলনাসহ অন্যান্য জিনিসপত্র’ হিসেবে লেবেল লাগিয়েছিলেন। পাচার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ছিল ইস্টার্ন বক্স টার্টল ও থ্রি-টোয়েড বক্স টার্টল। উভয় প্রজাতির কচ্ছপই যুক্তরাষ্ট্রের স্থানীয় ও চীনে পোষা প্রাণী হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে।খোলসের অনন্য নকশার কারণে কচ্ছপগুলো চীনে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
মার্কিন কর্তৃপক্ষের মতে, লিনের কাছ থেকে জব্দ করা এসব কচ্ছপের মোট বাজারমূল্য ১৪ লাখ ডলার (প্রায় ১০ লাখ পাউন্ড)। সীমান্ত পরিদর্শনের সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে তিনি ধরা পড়েন। বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (সিআইটিইএস) অনুযায়ী, এসব কচ্ছপ রফতানি বা পুনঃরফতানির জন্য সরকারের বিশেষ অনুমতিপত্রের প্রয়োজন হয়।
এছাড়াও, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) নামের একটি আন্তর্জাতিক সংস্থা ইস্টার্ন বক্স টার্টলকে বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। এর অর্থ হলো, প্রজাতিটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
মার্কিন বিচার বিভাগ আরো জানিয়েছে, কচ্ছপ ছাড়াও লিন আরো ১১টি প্যাকেজে বিষাক্ত সাপসহ বিভিন্ন সরীসৃপ পাচার করেছিলেন। আগামী ২৩ ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে।
এর আগে গত মার্চ মাসে একই ধরনের অপরাধে আরেক চীনা নাগরিক দুই হাজারেরও বেশি ইস্টার্ন বক্স টার্টল পাচারের অপরাধে ৩০ মাসের কারাদণ্ড পেয়েছিলেন। সে সময় পাচার হওয়া প্রতিটি কচ্ছপের মূল্য প্রায় দুই হাজার ডলার হতে পারত বলে ধারণা করা হয়েছিল।










