ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার মেয়েদের মাত্র ৬৯ রানে অলআউট করেছে তিনবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আসামের গুয়াহাটিতে টস জিতে বোলিং বেছে নেয়া ইংলিশ নারীরা প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রোটিয়া নারীরা ২০.৪ ওভারে ৬৯ রান তুলে অলআউট। জবাব দিতে নেমে ২১৫ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে ইংল্যান্ড। এমি জোনস ৫০ বলে ৪০ ও ট্যামি বিউমন্ট ৩৫ বলে ২১ রান করেন।
এর আগে দলীয় ৯ রানে অধিনায়ক লরা উলভার্টকে সাজঘরের পথ দেখান লিনসে স্মিথ। এরপর ১২ রানে তাজমিন ব্রিটস, ১৭ রানে সুনে লাস, ১৯ রানে মারিয়ানে ক্যাপ, ৩১ রানে আন্নেকে বশ, ৩৮ রানে চোল ট্রায়ন, ৪৮ রানে নাদিনে ক্লার্ক, ৬০ রানে মাসাবাটা ক্লাস, ৬০ রানে সিনালো জাফটা ও ৬৯ রানে ননকুলুলেকো এমবালা সাজঘরে ফেরেন। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ জুটি ছিল ১২ রানের। সিনালো জাফরা সর্বোচ্চ ২২ রান করেন ৩৬ বলের মোকাবেলায়।
ইংল্যান্ডের স্মিথ ৭ রানে ৩টি, ন্যাট শিভার-ব্রান্ট ৫ রানে ২টি, চার্লি ডিন ১৪ রানে ২টি ও সোফি একলেস্টোন ১৯ রানে ২টি উইকেট নেন।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উভয়েরই এটা প্রথম ম্যাচ। আজ পর্যন্ত তিন ম্যাচ জয় পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড। কলম্বোয় শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।










