বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ নারী ফুটবলার। অবশেষে দেশের নারী ফুটবলে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটল । জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে অনুশীলনে ফিরলেন কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তারসহ সিনিয়ররা।
গতকাল এক ঘরোয়া বৈঠকে ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ইংলিশ কোচ। সব ভুলে নতুন করে পথচলার আহ্বান জানিয়েছিলেন তিনি। কোচের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ সকাল ছয়টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে দলীয় অনুশীলনে যোগ দেন বিদ্রোহী ফুটবলারদের বড় একটি অংশ। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিনের ব্যবধান ঘুচিয়ে মেয়েদের ফুটবলে ফের শৃঙ্খলা ফিরল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি। তাদের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। বাটলার নানা মন্তব্য করতে থাকেন।
১৮ ফুটবলার ছাড়াই বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যায়। দুই ম্যাচই বাংলাদেশ পরাজিত হয়। ফেডারেশন কর্তারা দুই পক্ষকে দফায় দফায় বোঝান। সেই প্রেক্ষিতে দুই মাস পর গতকাল পুনরায় ক্যাম্প শুরু হলে বিদ্রোহী খেলোয়াড় ও কোচ দুই পক্ষ প্রথমবার আলোচনার টেবিলে বসে। এতে কোচ আগের সব ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ জানান। খেলোয়াড়েরা খানিকটা নমনীয় হন। আজ অনুশীলনে যোগ দেন।










