আসামের গুয়াহাটিতে মঙ্গলবার ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা ওঠে ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপের। বুধবার রেকর্ড সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হারিয়েছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিশ্বকাপ শুরু। শ্রীলংকার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় লাল-সবুজ জার্সিধারীরা। ৮ দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ, তাদের নিচে ছিল পাকিস্তান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত আসরে হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল নিগার সুলতানার দল। এবার প্রথমেই সামনে পড়েছে সেই পাকিস্তান।

বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৮টি ও বাংলাদেশ ৭টি জয় পেয়েছে। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয় দুটি দল, যে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। তার ২০২৩ সালের নভেম্বরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১-এ হারায় নিগারের দল। পাকিস্তান প্রথম ওয়ানডে ও বাংলাদেশ তৃতীয়টি সরাসরি জিতে যায়। দ্বিতীয় ওয়ানডে ‘টাই’ হওয়ার পর সুপার ওভারে জিতেছিল বাংলাদেশ।

এদিকে, বুধবার ইন্দোরে অ্যাশলে গার্ডনারের সেঞ্চুরিতে (৮৩ বলে ১১৫) অস্ট্রেলিয়া ৩২৬ রানের বড় সংগ্রহ পায়। জবাবে অধিনায়ক সোফি ডিভাইনের সেঞ্চুরিও (১১২ বলে ১১২) নিউজিল্যান্ডকে জেতাতে পারেনি। বাকিদের ব্যর্থতায় কিউই নারীরা ২৩৭ রানে অলআউট হয়ে যায়।

গুয়াহাটিতে প্রথম দিন শ্রীলংকাকে (২১১/১০) ডিএলএস মেথডে ৫৯ রানে হারায় ভারত (২৬৯/৮)।