তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। তার নির্দেশিত নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই প্রচারে আসবে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও নবাগত সাদনিমা বিনতে নোমান। অন্যান্য চরিত্রে রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ আরো অনেকে।
নাটকটির গল্পে কিছু নতুনত্ব আছে। পারিবারিক আবহে কমেডি ঘরানার নাটক এটি। এতে দেখা যাবে একগুচ্ছ মজার নানা টানাপড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র। তারপর নানা মজার ঘটনা ঘটে চলে। এমনই প্লটে এগিয়ে যায় গল্প। ঘটনা ও ঘটনার ঘনঘটা চলতে থাকে।
নাটকটি নিয়ে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। আশা করছি আমার অন্যসব কাজের মতো এটিও দর্শক পছন্দ করবে।’
গল্পের আরেক চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘সবাই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমার চরিত্রটি মজার। আশা করছি দর্শকের খুব ভালো লাগবে।’
নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই এ প্রচেষ্টা। এর আগেও তার নির্মিত ‘আমি এখানেই থাকবো’ নাটকটি বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সে ধারাবাহিকতায় আবারো একটি সুন্দর গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।
নির্দেশক জানান, নাটকটি শিগগিরই বাংলাভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।










