এখনো নিয়মিত কাজ করে চলছেন ছোট পর্দার প্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘদিনের অভিনয়যাত্রায় তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি পেয়েছেন দর্শকের গভীর ভালোবাসা। সাম্প্রতিক সময়ে তার কাজের সংখ্যা কিছুটা কম হলেও জনপ্রিয়তায় কোনো ঘাটতি পড়েনি। বরং আগের মতো দৌড়ঝাঁপ না করলেও নিজের শরীর, সময় আর সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে তিনি এখনো নিয়মিত কাজ করছেন। এরই মধ্যে বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার।
সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল—তার হাতে কি কাজ নেই? প্রশ্ন শুনে হেসে ওঠেন অপূর্ব। পাশে থাকা এক প্রযোজকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কাজ নেই! পাশে তো প্রযোজক বসে আছেন। তাকে জিজ্ঞাসা করলেই বুঝবেন কাজ আছে কি নেই।’ এরপর তিনি জানান, কাজের মধ্যেই আছেন তিনি, তবে মাঝে মাঝে নিজের প্রয়োজনেই বিরতি নেন। অপূর্বর ভাষায়, ‘বিরতিতে ছিলাম কিছুদিন। আবার কাজ করছি। হয়তো কিছুদিন পর আবারো বিরতিতে যাব। একটু বয়স তো বাড়ছে, আগের মতো দৌড়ঝাঁপ করে কাজ করা কঠিন হয়ে যায়। তার ওপর ব্যাকপেইনের সমস্যা আছে। চিকিৎসকের পরামর্শে এখন একটু বুঝেশুনে কাজ করতে হয়।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে তার একটি ভিডিও বেশ আলোচনার জন্ম দেয়। বাবা-ছেলের হাসি, আনন্দ আর সময় কাটানোর সেই মুহূর্ত অনেককে আবেগাপ্লুত করলেও নেতিবাচক মন্তব্যও ছিল না। কেউ কেউ লিখেছিলেন তাদের ছেলে নাকি একা বড় হচ্ছে। এ নিয়ে মুখ খোলেন অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। তিনি স্পষ্ট করে জানান, ছেলে তার সঙ্গেই থাকে, আর ইচ্ছা হলে বা সপ্তাহের শেষে বাবার কাছে যায়। অদিতির বক্তব্য প্রকাশ্যে আসার পর তাকে সমর্থন করেন অনেকেই।
অপূর্বর ব্যক্তিজীবন নিয়ে আলোচনাও নতুন নয়। ২০২০ সালে দীর্ঘ নয় বছরের সংসারজীবনের ইতি টানেন অপূর্ব ও অদিতি। তাদের একমাত্র সন্তান আয়াশ। বিচ্ছেদের পর দুজনই নতুন করে জীবনে পথচলা শুরু করেছেন।










