ফোক গানেই তার স্বচ্ছন্দ পদচারণা। বিরতির পর আবারো ফিরেছেন নতুন গান নিয়ে। প্রকাশ পেয়েছে দুটি মৌলিক ফোক গান।

একটির শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’। অন্যটি ‘মানুষ চেনা বড় দায়’। প্রথম গানটি লিখেছেন রূপচান্দ। সুর করেছেন পাগল মুস্তাক। মিউজিক করেছেন মুন্সী জুয়েল। দ্বিতীয় গানটি লিখেছেন মল্লিক রাসেল। সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।

যার অন্তর ভালা, রূপের দরকার নাই গানটি প্রকাশ পেয়েছে জুঁইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্য গানটি প্রকাশ হয়েছে ভিন্ন একটি চ্যানেলে।

নতুন গান নিয়ে জুঁই বলেন, ‘ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে স্টেজ শোয় নিজেকে ফোক গানের একজন শিল্পী হিসেবেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘ফোক গান নিয়ে দেশের বাইরের স্টেজ শোগুলোয় বেশি সাড়া পাই আমি। দেশের আনাচে-কানাচেও দারুণ সাড়া মিলে। যে কারণে আমি নতুন ফোক গান প্রকাশেই মনোযোগ দিয়ে থাকি।’

নতুন গান প্রসঙ্গে তার মন্তব্য, ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই গানটির কথা ও সুর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি। মানুষ চেনা বড় দায় গানটিও সুন্দর।’

এর আগে তার গাওয়া ‘তুমি বুঝলা না’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’সহ একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। ‘কলিজা ভুনা’ গানটিও জনপ্রিয় হয়েছে।

ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স করেছেন জুঁই। বর্তমানে সেখানেই মাস্টার্স করছেন। চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন। ‘শুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় গেয়েছেন তিনি।