পরিচালক কচি খন্দকার ও অভিনেতা মোশাররফ করিমের সম্পর্ক বহু দিনের। পর্দার বাইরে তাদের বন্ধুত্ব যেমন গভীর, কাজেও দুজনের রসায়ন অসাধারণ। কচির পছন্দের শিল্পীদের তালিকায় শীর্ষে সবসময়ই থাকেন মোশাররফ। পরিচালকের বেশির ভাগ কাজেই তাকে দেখা যায়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল নাটক ও টেলিফিল্মের পর এবার সিনেমা নির্মাণে আসছেন কচি খন্দকার আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটছে।

আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে কচি খন্দকারের নতুন সিনেমা ‘মাই ডিয়ার ফুটবল’-এর শুটিং, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মোশাররফ করিম। পরিচালক জানান, এটি হবে মফস্বলের গল্প। এ গল্পে ফুটবলের প্রতি মানুষের আবেগ ফুটে উঠবে। তিনি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এ খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে।’

সিনেমায় অন্যান্য অভিনয়শিল্পী নিয়েও কথা চলছে বলে জানান কচি। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

মফস্বলের গল্প হওয়ায় শুটিংয়ের জন্য কুষ্টিয়াকে বেছে নেয়ার পরিকল্পনা আছে নির্মাতার। তিনি বলেন, ‘আগামী বছরের জুলাই-আগস্টে টানা শুটিং করে দৃশ্যধারণ শেষ করতে চাই। তার আগে ডিসেম্বর নাগাদ দেব আনুষ্ঠানিক ঘোষণা।’

এর আগেও মোশাররফ করিমকে নিয়ে ফুটবল-ভিত্তিক একটি টেলিফিল্ম বানিয়েছিলেন কচি। এবার সেই জুটি আসছে বড় পর্দায়।

কচি বলেন, ‘নানা কারণেই সিনেমা নির্মাণ হয়ে উঠছিল না। চিত্রনাট্য শেষ করেও পিছিয়ে আসতে হয়েছে। আশা করছি, এবার সে রকম কিছু হবে না। পরিকল্পনা করেই এগোচ্ছি।’