৭ মে ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় ফিকশনটি। ছোট পরিসরের এ গল্পে তিনি তুলে ধরেছেন সমাজের ভিন্ন দুই শ্রেণীর মানুষের সম্পর্কের এক নীরব ও বাস্তব চিত্র, যেখানে বড় কোনো ঘটনা নয়, বরং জীবনের ছোট ছোট মুহূর্তই হয়ে ওঠে গল্পের মূল শক্তি।

জীবনে চলার পথে হঠাৎ তৈরি হতে পারে কিছু অপ্রত্যাশিত মুহূর্ত, যা বদলে দিতে পারে একজন মানুষের ভেতরের জগৎ। পথের প্যাঁচাল ঠিক এমনই কিছু অনিশ্চয়তার গল্প। চরকি তাদের সামাজিক মাধ্যমে এর পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়।

নামের কারণে অনেকের মনে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথা আসতে পারে।

তবে নির্মাতার মতে, শব্দের মিল থাকলেও গল্প বা ভাবনায় এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের একটি গল্প, যেখানে সমসাময়িক শহুরে জীবনের এক টুকরো বাস্তবতা উঠে এসেছে।

গল্পের কেন্দ্রে রয়েছেন অটোরিকশাচালক বায়েজিদ, চরিত্রটিতে অভিনয় করেছেন ইয়াশ রহমান। প্রতিদিনের সংগ্রামে ঘুরপাক খাওয়া এ মানুষের জীবনে হঠাৎ করেই প্রবেশ করেন নবীন ঔপন্যাসিক ঊমা, যাকে পর্দায় তুলে ধরেছেন বহ্নি হাসান। নিজের প্রথম বই প্রকাশের চেষ্টায় ব্যস্ত এ তরুণী লেখক এবং এক সাধারণ অটোরিকশাচালকের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক। সামাজিক অবস্থানের পার্থক্য থাকলেও তাদের মধ্যে তৈরি হয় এক মানবিক সংযোগ, যেখানে থাকে টানাপড়েন, ভালো লাগা ও এক অদৃশ্য সীমারেখা।

নির্মাতা জানান, প্রায় ৩০ মিনিটের এ ফ্ল্যাশ ফিকশনে বড় কোনো নাটকীয়তা নেই। বরং ধীরগতির বাস্তব জীবনের ছোঁয়ায় এগিয়েছে গল্প। গল্পটি মূলত দুই ভিন্ন শ্রেণীর মানুষের গল্প হলেও এর ভেতরে রয়েছে এক ধরনের সহজ মানবিকতা। তার দৃষ্টিতে, এ সম্পর্ককে অনেকেই অসম বা অস্বাভাবিক ভাবতে পারেন, কিন্তু তিনি এটিকে দেখেছেন একেবারেই সরল ও স্বাভাবিক মানবিক সম্পর্ক হিসেবে। গল্পটি পড়ার পর এর ভেতরের ছোট ছোট আবহ তাকে আকৃষ্ট করে এবং সে অনুভূতি থেকেই তিনি এটিকে পর্দায় আনার সিদ্ধান্ত নেন।

নাটক ও চলচ্চিত্রের পর ফ্ল্যাশ ফিকশনে কাজ করা প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‌মাধ্যম ভিন্ন হলেও মূল বিষয়টি একই—গল্প বলা। ছোট বা বড় যেকোনো ফরম্যাটেই আমি গল্প বলতে চাই। তবে সীমিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ গল্প তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং। দর্শক কীভাবে এটি গ্রহণ করে, সেটিই এখন দেখার বিষয়।’

সামনের কাজ নিয়েও এরই মধ্যে ভাবনা শুরু করেছেন নির্মাতা। একটি নতুন ড্রামা সিরিজের পরিকল্পনা করছেন, যার প্রাথমিক প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।