স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। তাদের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস মুক্তি পায় বুধবার। সিরিজটিকে কেন্দ্র করে নেটফ্লিক্সের সাইটই ক্র্যাশ করে যায়। স্ট্রিমিং প্লাটফর্মটির জনপ্রিয়তম সিরিজ স্ট্রেঞ্জার থিংস। এর ফাইনাল সিজন স্ট্রিম হয় বুধবার। প্যাসিফিক টাইম বিকাল ৫টার (বাংলাদেশ সময় গতকাল সকাল ৭টা) দিকে প্রায় ৩ মিনিট ধরে সার্ভিসটি বন্ধ ছিল। হাজার হাজার মানুষ যারা সাই-ফাই সিরিজটি দেখতে লগইন করেছিল। তাদের দেখানো হচ্ছিল ‘দুঃখিত, আপনার অনুরোধে আমরা সমস্যা পাচ্ছি। হোমপেজে অনেক কিছুই পাবেন ঘুরে দেখার জন্য।’
৫টা ৫ মিনিটের মধ্যে বেশির ভাগ ব্যবহারকারীর জন্য সাইটটি আবার সচল হয়ে যায়। ভ্যারাইটি বিষয়টি নিয়ে মন্তব্য জানতে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করে; নেটফ্লিক্সের একজন মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ‘কিছু ব্যবহারকারী টিভি ডিভাইসে স্ট্রিমিং-সংক্রান্ত সমস্যা অনুভব করেছিলেন, কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের সার্ভিস স্বাভাবিক হয়।’
ডাউনডিটেক্টর জানিয়েছে, এ অবস্থা নিয়ে প্রায় ১০ হাজার রিপোর্ট জমা হয়েছে। মূলত দর্শক অ্যাপ ও সাইটে গিয়ে ভিডিও চালাতে পারেনি। ভিডিও লোড হচ্ছিল না। ৫১ শতাংশ দর্শক বলেছে ভিডিও লোড হয়নি। বাকি ৪৯ শতাংশের অভিযোগ তারা সংযোগ পায়নি।
এটাই প্রথম নয় যে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অতিরিক্ত ট্রাফিকে নেটফ্লিক্স সমস্যায় পড়েছে। জুলাই ২০২২-এ, ভ্যারাইটি জানায় সিজন ফোরের শেষ দুই এপিসোড মুক্তি পাওয়ার সময় স্ট্রিমিং সার্ভিসটি অল্প সময়ের জন্য অচল হয়ে পড়েছিল। মাইক টাইসন–জেক পল ফাইটের সময়ও দর্শক নেটফ্লিক্সে আউটেজের সম্মুখীন হন; এটি প্লাটফর্মের প্রথম দিককার লাইভ স্ট্রিম করা ইভেন্টগুলোর একটি ছিল।
স্ট্রেঞ্জার থিংস তার শেষ সিজনের প্রথম অংশ নিয়ে এসেছে। নতুন পর্বগুলোয় দেখা যাবে হকিন্সের বাচ্চারা ভয়ংকর ভেকনাকে খুঁজে বের করে তাকে হত্যা করার চেষ্টা করছে। শহরটি সামরিক কোয়ারেন্টাইনে রয়েছে এবং ইলেভেন কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে আছে।
সূত্র: ভ্যারাইটি










