সে সাফল্যের পর আসন্ন কোরবানির ঈদে আবারো নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরি।

আগামী ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের নতুন চলচ্চিত্র নাকফুলের কাব্য। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি।

সিনেমাটির গল্পে তুলে ধরা হয়েছে সমাজের প্রভাবশালী কিছু মানুষের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলা এক অমর প্রেম ও বিরহের কাহিনী। প্রেম, সংগ্রাম ও আবেগঘন ঘটনাপ্রবাহে ভরপুর এ গল্প দর্শককে নতুন এক অনুভূতি দেয়ার চেষ্টা করেছে বলে জানা যায়।

সিনেমা মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, প্রতিষ্ঠানটি সবসময় নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণে গুরুত্ব দিয়ে আসছে। এ সিনেমাও সে ধারাবাহিকতার অংশ, যেখানে একটি খাঁটি বাংলাদেশী গল্পকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দর্শক পরিবারসহ হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলবেন।

নাকফুলের কাব্য সিনেমাটিকে সাজানো হয়েছে তিনটি গান দিয়ে। এতে প্রেম, রোমান্টিকতা ও কমেডির মিশ্রণ থাকছে, যা দর্শককে বিনোদনের ভিন্ন স্বাদ দেয়ার লক্ষ্য নিয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ আরো অনেকে।

সব মিলিয়ে ঈদুল আজহায় পারিবারিক বিনোদনের অংশ হিসেবে সিনেমাটি দর্শকের কাছে আলাদা আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।