গত সোমবার দিনভর আলোচনায় ছিল ধর্মেন্দ্রর স্বাস্থ্যগত অবস্থা। তিনি ভেন্টিলেটরে আছেন এমন খবরও প্রকাশ হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যা নাগাদই সানি দেওলের টিম জানায় ধর্মেন্দ্র শঙ্কামুক্ত। তিনি ভেন্টিলেটরে নেই। তবু গতকাল সকাল থেকেই চলেছিল তার মৃত্যুর গুজব। দুপুরের আগেই হেমা মালিনী ও এশা দেওল জানান ধর্মেন্দ্রর মৃত্যু হয়নি। এশা দেওল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কয়েক দিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা রকম খবর ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, এ প্রতিবেদনগুলোর অনেকটাই সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এত দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে তার ফলে অযথা উদ্বেগ ও গুজব তৈরি হয়েছে, যা আমাদের পরিবার এবং বাবার অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য খুব কষ্টদায়ক।’

সোমবার দুপুর থেকেই নানা রকম কথা ছড়াচ্ছিল। বলা হচ্ছিল, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। তিনি নাকি ভেন্টিলেশনে ছিলেন। তবে প্রথমে সানি দেওলের টিম ও পরে হেমা মালিনী নিশ্চিত করেন যে ধর্মেন্দ্র ভালো আছেন। রাতে শাহরুখ খান ও আরিয়ান খান ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  

এদিকে মৃত্যুর গুজব নিয়ে ক্ষিপ্ত অনেকেই। ধর্মেন্দ্রর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ করেছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি বলে, ‘ধর্মেন্দ্রর মতো একজন কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এহেন গুজব কখনই কাম্য নয়। এ ধরনের খবর পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক, ভক্তরাও শোকে পাথর হয়ে যাবে। তিনি তো শুধু একজন অভিনেতা নয়, তিনি প্রতিটি মানুষের কাছে একটা আবেগ। ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে গুজব তার প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাই সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আইএফটিডিএর অনুরোধ কোনোরকম ভুল খবর যেন না ছড়ানো হয়।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধর্মেন্দ্রর আরোগ্য কামনার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে।