নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক রূপনগর। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন শেখ রিয়াজ উদ্দিন বাদশা। সেখানে অভিনেত্রী দিলারা জামান অভিনয় করেছিলেন তৌকীর আহমেদের মায়ের চরিত্রে। তিন দশক পর এবার আবারো তাকে একই নামের ধারাবাহিকে দেখা যাচ্ছে দীপ্ত টিভির নতুন ‘রূপনগর’-এ।
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান স্বাধীনতার আগেই মঞ্চ ও টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার প্রথম নাটক ছিল ‘ত্রিধারা’ আর ধারাবাহিক ‘সকাল সন্ধ্যা’ দিয়ে পান ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অনেক টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ দিয়ে। এরপর ‘মনপুরা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘অপেক্ষা’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ গুণী শিল্পী।
নতুন রূপনগর নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কায়সার আহমেদ, যিনি এর গল্পও লিখেছেন। এর আগে তিনি দীপ্ত টিভির আরেক হিট ধারাবাহিক ‘বকুলপুর’ নির্মাণ করে প্রশংসা পেয়েছিলেন। এবার নতুন রূপনগরে তিনি আধুনিক প্রেক্ষাপটের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন। এখানে দিলারা জামান অভিনয় করছেন ‘ফুলনূর’ চরিত্রে, যিনি নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত চরিত্র। তার ছেলে বাচ্চু চেয়ারম্যান চরিত্রে আছেন অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)।
অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘ভাবতেই অবাক লাগে, এত বছর পেরিয়ে গেছে প্রথম রূপনগর থেকে। তখন একটি চ্যানেল ছিল, নাটক দেখার আগ্রহও ছিল অনেক বেশি। সেই সময়ের রূপনগর যেমন দর্শকপ্রিয় ছিল, এখন কায়সার আহমেদের রূপনগরও তেমনি ভালোবাসা পাচ্ছে। ফুলনূর চরিত্রে অভিনয় করেও ভালো লাগছে। দর্শকের ভালোবাসাই আসলে সবচেয়ে বড় আনন্দ।’










