বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনাজ। নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখার পরই তিনি হয়ে ওঠেন তারুণ্যের প্রতীক। অভিনয়ে স্বাতন্ত্র্য ধরে রেখেছিলেন তিনি। আজ এ জনপ্রিয় নায়িকার জন্মদিন।

১৯৯১ সালে নির্মাতা এহতেশামের পরিচালনায় চাঁদনী সিনেমায় প্রথম অভিনয় করেন নাইম ও শাবনাজ। সিনেমাটি মুক্তির পরই সারা দেশে ছড়িয়ে পড়ে তাদের জনপ্রিয়তা। দর্শক পর্দায় এ জুটির প্রেমে মুগ্ধ হয়, যা পরবর্তী সময় বাস্তব জীবনেও পরিণত হয়। কারণ ১৯৯৪ সালে তারা বিয়ে করেন এবং আজও একসঙ্গে আছেন সুখে-শান্তিতে।

নাইম-শাবনাজ একসঙ্গে অভিনয় করেছেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায়। নব্বইয়ের দশকের তরুণ দর্শকের কাছে তাদের জুটি ছিল সময়ের সেরা রোমান্টিক প্রতীক।

নির্মাতা আজিজুর রহমানের মাধ্যমেই চলচ্চিত্রে আসেন শাবনাজ। সালমান শাহর বিপরীতেও তাকে দেখা গেছে ‘মায়ের অধিকার’, ‘আঞ্জুমান’ ও ‘আশা ভালোবাসা’ সিনেমায়, যার মধ্যে ‘মায়ের অধিকার’ বিশেষভাবে প্রশংসিত হয়।

২০০১ সালে ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমার পর থেকে তিনি অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। সর্বশেষ ২০০৭ সালে আজিজুর রহমানের ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় তাকে দেখা যায়।

জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানান শাবনাজ। তিনি বলেন, ‘এখন আর জন্মদিনকে ঘিরে কোনো উচ্ছ্বাস কাজ করে না। বাবা-মা দুজনই নেই, তাই তাদের কথা খুব মনে পড়ে। পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটা কাটাই। সবার কাছে শুধু দোয়া চাই—আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’