তার অভিনীত ‘গরিবের সুন্দরী বউ’ ও ‘স্যার ভিএস ম্যাডাম’ নাটক দুটি এরই মধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। নাটক দুটি পরিচালনা করেছেন যথাক্রমে তাইফুর জাহান আশিক ও আহসান হাবিব অনিক।

উল্লেখযোগ্য বিষয় হলো দুটি নাটকেই নীলাঞ্জনা নীলার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এরই ধারাবাহিকতায় এবার নীলা অভিনয় করেছেন দেশের আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। সকাল আহমেদ পরিচালিত ‘জামাইয়ের আবদার’ নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। এটি আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

নাটকটি নিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘‌এর আগে পরপর দুটি নাটকে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে, দুটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছি, মোশাররফ ভাই ভীষণ গুণী একজন অভিনেতা, তার সঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়, সবচেয়ে বড় কথা তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ একজন অভিনেতা, অনুরূপভাবে চঞ্চল ভাইও এ দেশের নাটক-সিনেমার একজন নন্দিত গুণী অভিনেতা, দেশ-বিদেশে দুজনেরই সুখ্যাতি রয়েছে, তাদের সঙ্গে অভিনয় করাটা নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার সুযোগ। চঞ্চল ভাইয়ের সঙ্গে জামাইয়ের আবদার নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। সকাল আহমেদ ভাইকে ধন্যবাদ আমাকে এ নাটকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। আমি খুব আশাবাদী এ নাটকটি নিয়ে।’এর আগে ২০১৭ সালে গহীন বালুচর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান নীলা। সিনেমাটি পরিচালনা করেছিলেন বদরুল আনাম সৌদ। এছাড়া সিনেমার একটি জনপ্রিয় গানে তার পারফরম্যান্স দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

অভিনয়ের পাশাপাশি নীলা বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র শ্যামা কাব্য, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল।