নতুন এ সিদ্ধান্তে অভিনয় বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের যোগ্যতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে অভিনয় বিভাগে। এখন থেকে কোনো অভিনেতা বা অভিনেত্রী একই বিভাগে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারবেন, যদি তার অভিনয়গুলো ভোটের শীর্ষ পাঁচে থাকে। আগে এ সুযোগ ছিল না। একজন শিল্পীর একাধিক কাজ শীর্ষে থাকলেও কেবল সর্বোচ্চ ভোট পাওয়া একটি কাজই মনোনয়ন পেত। বাকিগুলো বাদ পড়ত। নতুন নিয়মে সে সীমাবদ্ধতা দূর হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অভিনয় বিভাগে কেবল সে ভূমিকাগুলোই বিবেচিত হবে, যেগুলো বাস্তব মানুষ সম্পাদন করেছেন। পাশাপাশি চিত্রনাট্য বিভাগে স্পষ্টভাবে জানানো হয়েছে, স্ক্রিপ্ট অবশ্যই মানুষের রচিত হতে হবে। প্রয়োজন হলে কোনো চলচ্চিত্রে এআই ব্যবহারের মাত্রা ও মানবিক অবদান সম্পর্কে অতিরিক্ত তথ্য চাইতে পারবে একাডেমি।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে একই দেশ থেকে একাধিক চলচ্চিত্র মনোনয়নের জন্য যোগ্য হতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক উৎসবে শীর্ষ পুরস্কার জয়ী চলচ্চিত্র সরাসরি অস্কারের জন্য বিবেচিত হবে। এর মধ্যে রয়েছে কান চলচ্চিত্র উৎসব, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব।
এছাড়া কাস্টিং বিভাগে পুরস্কারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সিনেমাটোগ্রাফি বিভাগে প্রাথমিক তালিকা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
নতুন নিয়মগুলো অস্কারকে আরো স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি সচেতন করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ভ্যারাইটি










