দর্শকপ্রিয় শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’ আজ মঞ্চে আনছে নাট্যদল বটতলা। রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির পরপর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম শো বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় শো সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে।

দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই শিশুতোষ নাটকটি বরাবরের মতোই পরিবারকেন্দ্রিক বিনোদনের এক অনন্য আয়োজন হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

নাটকটির কাহিনিতে উঠে এসেছে প্রাণীবিজ্ঞান সংস্থা ‘ওয়াইল্ড ভিশন’-এর কর্মকাণ্ডকে ঘিরে এক রোমাঞ্চকর গল্প। সংস্থার প্রেসিডেন্ট হারুর নির্দেশে এক অদ্ভুত প্রজাতির ‘ট্যাঁশ গরু’ ধরার ঘটনা থেকে শুরু হয় নাটকের মূল দ্বন্দ্ব। বিরল এই প্রাণীর খোঁজ পেয়ে খ্যাতি পায় সংস্থাটি। আর সেই সুযোগে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি আরও লাভের আশায় ছুটে আসে। এরই মধ্যে গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগ্নে চন্দ্রখাই নতুন নতুন অদ্ভুত প্রাণী ও প্রকৃতির গল্প নিয়ে হাজির হয়। তার বর্ণনায় হারু ও মিস হুক্কি লাভ করার স্বপ্নে বিভোর হয়ে পড়ে, যেখানে প্রকৃতি ও পরিবেশের ভবিষ্যৎ উপেক্ষিত হতে থাকে।

নাটকটি মূলত সাহিত্যিক সুকুমার রায়-এর ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। উপদেষ্টা নির্দেশক হিসেবে আছেন মোহাম্মদ আলী হায়দার। কোরিওগ্রাফিতে রয়েছেন সামিনা লুৎফা নিত্রা।

নাটকে অভিনয় করছেন মাহাবুব মাসুম, মোহাম্মদ আলী হায়দার, সুমিত তেওয়ারি রানা, আশরাফুল অশ্রু, তৌফিক হাসান ভূঁইয়া, ঝুমা, জুহি, লোচন পলাশসহ আরও অনেকে। পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনায় আছেন ইমরান খান মুন্না এবং সংগীত পরিকল্পনায় লোচন পলাশ।

বটতলা জানায়, প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানবিক দায়বদ্ধতার বার্তা নিয়ে নির্মিত এই নাটকটি শিশু-কিশোরদের পাশাপাশি সব বয়সী দর্শকের জন্য সমানভাবে ভালো লাগবে আশা করছেন সংশ্লিষ্টরা।