সম্প্রতি অন্তর্জালে ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। এ সিনেমা ছাড়া বুবলি অভিনীত আরেকটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। রাশেদ রাহা পরিচালিত সিনেমাটির নাম ‘ফ্ল্যাশব্যাক’।

‘সর্দার বাড়ির খেলা’ সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবন সংগ্রামের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এটি তার প্রথম চলচ্চিত্র।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। স্থানীয় আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালরা। এ চরিত্রে আছেন শবনম বুবলী।

সিনেমাটি নিয়ে রোশান বলেন, ‘একটা ছেলের জীবনের গতি পরিবর্তনের কিছু ধাপ নিয়ে নির্মাণ করা হয়েছে। সে ছেলের চরিত্রেই আমি অভিনয় করেছি। আশা করছি, দর্শকের সিনেমাটি ভালো লাগবে।’

রোশান-বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখ।

উল্লেখ্য, ‘সর্দার বাড়ির খেলা’ সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে পরামর্শ দেয়া হয়। পরে ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পায়।

এদিকে রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ মূলত টালিউডের সিনেমা। ২০২৪ সালে এর কাজ শেষ হলেও নানা কারণে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি। সর্বশেষ সিনেমাটি পিছিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে। তবে নির্বাচন শেষে এখন সিনেমাটি মুক্তির সম্ভাবনা বেড়েছে। রাশেদ রাহা জানান, ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সেখানে ফ্ল্যাশব্যাক মুক্তির পরিকল্পনা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এর পরই শুরু হবে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া। সম্ভব হলে একই সময়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।