ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই নতুন কিছু। আর ভরপুর আলোচনা। এবার তার ওডিসি নিয়েও একই ঘটনা। সম্প্রতি এর শুটিং নিয়ে অভিজ্ঞতা জানান নোলান। এর পরই আলাপ শুরু হয়েছে সিনেমা শুট করার ফিল্মের পরিমাণ নিয়ে। এম্পায়ার ম্যাগাজিনকে নোলান জানিয়েছেন, তিনি ‘দি ওডিসি’ শুট করতে ২০ লাখ ফুট ফিল্ম খরচ করেছেন। কোডাকের হিসাবে, ৬৫ মিমি ফিল্মের প্রতি ফুটের দাম দেড় ডলার। সে হিসেবে ওডিসির জন্য নোলান কেবল ফিল্মেই খরচ করেছেন ৩০ লাখ ডলার। এতকিছু করার কারণ নোলান এমন কিছু করতে চেয়েছেন যা আগে কখনো হয়নি।
সিনেমাটি নিয়ে নোলান বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনি সবসময় সিনেমার সংস্কৃতির ফাঁকফোঁকর খুঁজে দেখেন। এমন কিছু খোঁজেন যা আগে কখনো করা হয়নি।’
নোলানের মতে, তিনি অনেক সিনেমাই দেখেছেন যা পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি। কিন্তু এদের কোনোটিই তার কাছে গুণ ও মানের পাশাপাশি বাস্তবসম্মত মনে হয়নি। তাই তিনি পৌরাণিক গল্প থেকে এমন একটা সিনেমা নির্মাণ করতে চেয়েছেন, যেমনটা আগে কখনো হয়নি।
সিনেমাটিতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করছেন ম্যাট ড্যামন। তার ছেলে টেলিমেকাসের চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড। কাস্টে আরো আছেন জেন্ডেয়া, অ্যানা হ্যাথাওয়ে, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন প্রমুখ। এ বিশাল ও বড় তারকাসমৃদ্ধ কাস্টকে নিয়ে তিনি নানা বাস্তব স্থানে সিনেমার শুটিং করেছেন। নোলান সিজিআই বা ভিএফএক্সের সাহায্য নিতে পছন্দ করেন না। এমনকি প্রয়োজনে এ সিনেমার শুটিং তিনি সমুদ্রেও করেছেন। তিনি বলেন, ‘আমি একটা যাত্রা দেখাতে চেয়েছি। মানুষের জীবনের যাত্রা এমনিতেও কঠিন হয়। প্রতিদিন জীবন আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এ সিনেমায় ওডিসিয়াসের মাধ্যমে সে যাত্রা দেখাতে চেয়েছি।’
এদিকে ম্যাট ড্যামন জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। একটা গ্রীষ্মকালীন সিনেমায় দর্শক যে ধরনের অভিজ্ঞতা চায় তার সবই ওডিসিতে আছে। তিনি বলেন, ‘আমি একেবারেই বাড়িয়ে বলছি না। এ পর্যন্ত করা আমার সিনেমাগুলোর মধ্যে ওডিসির অভিজ্ঞতা একেবারেই আলাদা। এত বড় পরিসরের সিনেমা খুব কমই হয়েছে, নোলান তা দুর্দান্তভাবে করেছেন।’
আগামী বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি অবশ্যই দি ওডিসি। ইউনিভার্সাল পিকচারসের ব্যানারে সিনেমাটি আগামী ১৭ জুলাই মুক্তি পাবে।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










