ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন ছোট পর্দার নিয়মিত মুখ। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময় তিনি কিছুটা অনিয়মিত হয়ে যান।

বিরতির পর অভিনয়ে ফেরেন সারিকা সাবাহ। তার প্রত্যাবর্তনের মাধ্যমে দর্শক পেয়েছে ওয়েব সিরিজ ‘গুলমোহর’। গত মে মাসে মুক্তি পাওয়া এ সিরিজে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার দুই বছর পর সারিকাকে আবারো দেখা গেল নাটকে। গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’।

নাটকটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। এতে সারিকাকে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। চরিত্রের ব্যাপ্তি ছোট হলেও রোশনি চরিত্রে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মীর রাব্বি ও প্রিয়ন্তী ঊর্বী।

সারিকা সাবাহ নিজের অভিনয়যাত্রা নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হলো। এ নাটক দিয়ে দুই বছর পর কোনো ফিকশনে কাজ করলাম। মূলত দুটি কারণে বিরতি নিয়েছিলাম। প্রথমত ফিটনেস, নিজেকে ওইভাবে দেখতে চাইনি। দ্বিতীয়ত গুলমোহর ওয়েব সিরিজের প্রস্তুতি, যার জন্য অনেক সময় দিতে হয়েছিল।’

নিয়মিতভাবে অভিনয়ে ফিরতে আগ্রহী সারিকা আরো বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নাটকের পর একই ধরনের চরিত্রে কাজ করতে হচ্ছিল, যা আমার ভালো লাগছিল না। আমি সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যদি এমন চরিত্র পাই, নিয়মিত দর্শকের সামনে থাকব।’

তিনি জানান, শিগগিরই আরো কিছু নতুন কাজের মাধ্যমে দর্শকের সামনে হাজির হবেন।