মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, এরপর উপস্থাপনা ও অভিনয় দিয়ে দর্শকদের নজরে আসেন। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি গানেও মন দিয়েছেন তিনি। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশ ঘটে তার। গানটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরো চারটি গান প্রকাশ করেছেন। তবে দীর্ঘ বিরতির পর এবার নতুন গানের সঙ্গে আবারো হাজির হচ্ছেন ফারিয়া।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড করেছিলেন তিনি, যা এখনো প্রকাশিত হয়নি। সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া জানিয়েছেন, নতুন গানের ভিডিও প্রকাশে বিলম্বের কারণ হলো ভালো প্রযোজনার জন্য প্রয়োজনীয় মানুষের সমন্বয় ও সময়। তিনি বলেন, ‘আমি শুধু গান রেকর্ড করি না, এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে।’

ফারিয়া আরো জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরো কিছু প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাদের গান শুনে বড় হয়েছেন। ফারিয়া বলেন, ‘এটা হলে সত্যিই দারুণ হবে।’

সংগীতের পাশাপাশি তিনি শিগগিরই বড় পর্দায় ফিরছেন। ফারিয়া বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ গত মাসে তিনি কানাডায় একটি স্টেজ শোতেও পারফর্ম করেছেন এবং আগামী নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।