ভারতীয় সিনেমার প্রবীণ অভিনেত্রী ছিলেন কামিনী কৌশল। গত বৃহস্পতিবার তিনি মারা যান। গতকাল মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কামিনীর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মুম্বাইয়ের বাসভবনের বাইরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এমন দৃশ্য অনলাইনে প্রকাশ পায়। এ অভিনেত্রীর মৃত্যু ভারতীয় সিনেমার একটি যুগের সমাপ্তি। তিনি ছিলেন ৯৮ বছর বয়সী এবং ভারতের জীবিত প্রবীণতম অভিনেত্রী।

চেতন আনন্দের নীচা নগর (১৯৪৬) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কামিনী কৌশল দ্রুত খ্যাতি অর্জন করেন। এটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী। ভারতীয় সিনেমার জন্য এ ছিল এক মাইলফলক। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি নদিয়া কে পার, রোটি কপড়া অউর মকান সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হন। দিলীপ কুমারের সঙ্গে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস (২০১৩) সিনেমায় তাকে দেখা গেছে। বহু ক্ল্যাসিক ছবিতে স্মরণীয় অভিনয় করেছেন তিনি। আমির খানের লাল সিং চাড্ডা ছিল তার অভিনীত শেষ সিনেমা।

কামিনীর মৃত্যু সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই চলচ্চিত্র দুনিয়া থেকে শোকবার্তা আসতে থাকে। যেসব অভিনেতা তার সঙ্গে কাজ করেছিলেন, তারা সামাজিক মাধ্যমে হৃদয়স্পর্শী বার্তা দেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া কবীর সিংয়ে অভিনয় করেছিলেন তিনি। সে সূত্রে কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আপনার সৌন্দর্য, বিনয় ও প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং ভারতীয় সিনেমায় অমলিন ছাপ রেখে গেছে। শান্তিতে থাকুন কামিনী কৌশলজি।’

শহিদ কাপুরও তাকে স্মরণ করে লিখেছেন, ‘আলোর পথে বিশ্রাম নিন, ম্যাডাম।’

গত শুক্রবার কামিনীর পরিবারের ঘনিষ্ঠজন সাজন নারায়ণ পিটিআইকে বলেন, ‘তিনি বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতেই মারা গেছেন। আগামী ফেব্রুয়ারিতে তার ৯৯ বছর পূর্ণ হতো।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস