ঈদ উপলক্ষে সিনেমাটির মুক্তি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে আগেই। এরই মধ্যে সিনেমা নিয়ে নতুন চমক দিয়ে আলোচনাকে আরো বাড়িয়ে দিয়েছেন শাকিব খান।

গতকাল নিজের ফেসবুক পেজে মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এ ভিডিওতেই প্রথমবারের মতো দেখা যায় রকস্টার সিনেমার মোশন পোস্টার। ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল।

ভিডিওর শুরুতেই দেখা যায় ঝড়-বৃষ্টি আর বজ্রপাতের আবহ। সেই সঙ্গে শোনা যায় ইলেকট্রিক গিটারের তীব্র ঝংকার, যা মুহূর্তেই একটি রক মিউজিক ঘরানার পরিবেশ তৈরি করে। এরপর দৃশ্যপটে আসে একটি বড় কনসার্টের দৃশ্য। সেখানে অ্যানিমেটেড রূপে হাজির হন রকস্টার শাকিব খান। বিশাল দর্শক সমাগমের সামনে তিনি পারফর্ম করছেন, যা ভিডিওটিকে আরো আকর্ষণীয় করে তোলে।

গানের অংশে শোনা যায় আবেগঘন ও তীব্র কিছু লাইন, যেখানে বিদ্রোহী ও অনুভূতির প্রকাশ ফুটে ওঠে। এর পরই আসে সিনেমার মোশন পোস্টার, যেখানে জানানো হয় ৫ মে প্রকাশ করা হবে রকস্টার সিনেমার টিজার। ইংরেজি ভাষায় সেখানে উল্লেখ ছিল জ্যামিং ড্রপিং অন ফিফথ মে, যা আন্তর্জাতিক ধাঁচের প্রমোশনাল স্টাইলকে ইঙ্গিত করে।

ভিডিও প্রকাশের পাশাপাশি শাকিব খান নিজের ক্যাপশনে লেখেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু, আসছে শিগগিরই।’ এ বার্তাই দর্শকের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সিনেমাটির প্রযোজনা করছে সান কমিউনিকেশন। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, পরিচালনা করছেন আজমান রুশো। রকস্টার সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তানজিয়া জামান মিথিলা।

টিজার প্রকাশের তারিখ সামনে আসায় দর্শকের আগ্রহ আরো বেড়ে গেছে। এখন অপেক্ষা শুধু প্রথম ঝলকের, যা সিনেমাটির গল্প ও চরিত্র সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেবে।